বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। পাশাপাশি বিতর্কিতদের সরিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের আহ্বান জানিয়েছে দলটি।
শনিবার (২৪ মে) রাত ৮টা ৫০ মিনিটে যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি শুরু থেকেই একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপের দাবি জানিয়ে আসছে। এ দাবি আমরা প্রকাশ্যেই করে আসছি। পাশাপাশি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখার স্বার্থে উপদেষ্টা পরিষদ থেকে বিতর্কিত সদস্যদের বাদ দিয়ে নতুন করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছি।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী রাজনৈতিকভাবে, ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের আমলে। তাই এ বিচারকার্য সম্পন্ন করার জন্য বিএনপি যখন ক্ষমতায় যাবে, তখন একটি স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমেই এসব বিচারের কার্যক্রম সম্পন্ন করা হবে।
তিনি আরো বলেন, নির্বাচন বিষয়ে সংস্কার কার্যক্রম অবিলম্বে শেষ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা দ্রুত একটি রোডম্যাপ প্রণয়নের দাবি জানিয়েছি। বাংলাদেশের জনগণ বিশ্বাস করে, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমি, আমীর খসরু সাহেব, মঈন খান সাহেব ও সালাহউদ্দিন আহমেদ এসেছিলাম। তবে আমাদের আলোচনার বিষয়বস্তু আগে জানানো হয়নি। তবুও আমরা বুঝতে পেরেছি যে বিদ্যমান পরিস্থিতি নিয়েই আলোচনা হবে।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তাই এ সরকারকে প্রথম দিন থেকেই বলে আসছি, গণহত্যাকারীদের বিচার কাজ চলমান থাকবে। যতটুকু বাকি থাকবে তা নির্বাচিত সরকার করবে।
এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন বিষয়ে এমন কথাও হয়েছে যে চাইলে ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন করা যেতে পারে।















