পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় একটি হত্যা মামলার রায়ে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নূরুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ইন্দুরকানী উপজেলার দক্ষিণ কলারণ গ্রামের বাসিন্দা ফজলুল হকের ছেলে আবুল কালাম কালু (৩৩) ও তার বড় ভাই মো. হারুন (৫০)। দণ্ডপ্রাপ্ত মো. হারুন (৫০) পলাতক রয়েছেন।
পিরোজপুর জেলা জজ আদালতের এপিপি জহুরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০৬ সালের ৮ মার্চ খেজুর গাছের রস নামানোকে কেন্দ্র করে বাদানুবাদে স্থানীয় নূর মোহাম্মদ তহসিলদারের মিষ্টি আলুর খেতে রফিকুল ইসলাম (১৩) নামে এক কিশোরকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত রফিকুল ইসলামের মামা মোদাচ্ছের আলী হাওলাদার বাদী হয়ে আবুল কালাম কালু ও তার বড় ভাই হারুনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।










