ভূখণ্ডের দিক দিয়ে বাংলাদেশ ছোট দেশ হলেও জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ অনেক দেশের চেয়েই বড়। সেই দেশ পরিচালনার জন্য জনগণের ম্যান্ডেটসহ একটি শক্তিশালী রাজনৈতিক সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ (৭ অক্টোবর) প্রকাশিত বিবিসি বাংলায় সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি এ কথা বলেন।
নির্বাচনের বাইরে দেশ পরিচালনার ক্ষেত্রে গত এক বছরে অন্তর্বর্তী সরকারের ভূমিকার ব্যাপারে মূল্যায়ন করতে বললে তারেক রহমান জানান, অন্তর্বর্তীকালীন সরকার মানে ইন্টেরিম, মানে বিষয়টি ক্ষণস্থায়ী। স্বাভাবিকভাবেই একটি দেশ পরিচালনা একটি বিশাল বিষয়। ভূখন্ডের ভিত্তিতে বিবেচনা করলে হয়তো বাংলাদেশকে অনেকে বলবে ছোট দেশ। কিন্তু আমরা যদি জনসংখ্যার ভিত্তিতে বিবেচনা করি, বাংলাদেশ পৃথিবীর অনেক ভূখণ্ডের চেয়ে বড় দেশ।
ইউকের (যুক্তরাজ্য) জনসংখ্যা সাত কোটির মতো, বাংলাদেশের জনসংখ্যা ২০ কোটির মতো এখন। কাজেই ইউকের তিন গুণ বড়। এরকম একটি দেশ পরিচালনা করতে হলে স্বাভাবিকভাবেই জনগণের ম্যান্ডেটসহ একটি শক্তিশালী রাজনৈতিক সরকার প্রয়োজন। বিভিন্ন বিষয় থাকে, ইস্যুজ থাকে, বিভিন্ন বিষয় আছে।
তিনি আরো বলেন, নির্বাচনের বাইরে অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্সের ব্যাপারে আমরা সকল কিছু বিবেচনা করলে মনে হয়েছে যে, হয়তো উনারা চেষ্টা করেছেন অনেক বিষয়ে। সব ক্ষেত্রে সবাই তো আর সফল হতে পারে না, স্বাভাবিকভাবে ওনাদের কিছু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতার মধ্যে তারা হয়তো চেষ্টা করেছেন, যতটুকু পেরেছেন হয়তো চেষ্টা করছেন।















