আরিয়ান মাইলস্টোনে চতুর্থ শ্রেণিতে পড়ে। স্কুলের ভবনের ওপর বিমানবাহিনীর প্রশিক্ষণ বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর দগ্ঘ হয়েছে সে। তার বড় ভাই সৈকত জানিয়েছেন, আরিয়ানের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। আদরের সন্তানের এ অবস্থা দেখে মায়ের আহাজারি থামছেই না।
আরিয়ানের ভাই সৈকত বণিক বার্তাকে বলেন, আমার ভাইয়ের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। জানি না কি হবে। আমার মা ভেঙে পড়েছেন।
দুর্ঘটনায় দগ্ধ শিশুদের আনা হচ্ছে ঢাকা বার্ন ইনস্টিটিউটে। কারো পুড়ে গেছে হাত-পা, কারো চেহারা কারো বা শরীরের অন্য অংশ। স্ট্রেচারে করে একের পর এক আসছে পোড়া দেহ। বাইরে স্বজনদের আহাজারি।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। আহত হয়েছে দেড়শতাধিক। উদ্ধার কাজ এখনো চলছে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিট ও ৬ অ্যাম্বুলেন্স কাজ করছে। শৃঙ্খলা রক্ষায় রয়েছেন স্কাউট, বিএনসিসিসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।















