মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের জেরে শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া ও পার্শ্ববর্তী ধামরাইয়ে প্রায় ১৫০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে আশুলিয়ার বেশির ভাগ কারখানা বন্ধ রয়েছে। আজ শনিবার (১১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের ইউনিক, শিমুলতলা, জামগড়া, ছয়তলা, নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও জিরাবো-বিশমাইল সড়কের কাঠগড়া আমতলা, বড় রাঙ্গামাটিয়ার অধিকাংশ কারখানার গেটে টাঙ্গিয়ে দেয়া হয়েছে বন্ধের নোটিশ।

দ্য রোজ ড্রেসেস লিমিটেড, দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার লিমিটেড, অনন্ত গার্মেন্টস লিমিটেড, হা-মীম, শারমীন, পাইওনিয়ার লিমিটেড, এআর জিন্স প্রডিউসার লিমিটেড, ডুকাটি অ্যাপারেলস লিমিটেড, আগামী অ্যাপারেল লিমিটেড, ক্রোসওয়্যার লিমিটেড, সেইন অ্যাপারেলস লিমিটেড, টেক্সটাউন লিমিটেড, অরনেট নিট গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ প্রায় শতাধিক কারখানার গেটে এমন নোটিশ দেখা গেছে।

এসব নোটিশে বলা হয়েছে, গত ৯ নভেম্বর সকাল ১০টায় এবং বিগত কয়েকদিন ধরে বেলা ১১টা ও বিকেল ৩টায় মজুরি বৃদ্ধির দাবিতে বহিরাগত শ্রমিকরা বে-আইনিভাবে কারখানার ভেতর ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুর ও কাজ বন্ধ রাখাসহ কর্মস্থলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। এতে মারাত্মকভাবে ব্যাহত হয় উৎপাদন। এ অবস্থায় কর্তৃপক্ষ বাধ্য হয়ে ১০ নভেম্বর থেকে শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল।

অনির্দিষ্টকাল বন্ধের বিষয়টি শ্রমিকদের মোবাইলে মেসেজ পাঠিয়েও জানিয়ে দিচ্ছে অনেক প্রতিষ্ঠান। বলা হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলে কিংবা কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে তা পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, শ্রমিক আন্দোলনের কারণে কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অন্যান্য দিনের মতো পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।