সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল নারায়ণগঞ্জ। শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকেই নারায়ণগঞ্জ নগরীর দুই নাম্বার গেট থেকে চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার ও বিজয় স্তম্ভের সামনে বিক্ষোভ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। চাষাড়া বিজয়স্তম্ভের চারপাশের রাস্তা দখল করে বিক্ষোভ করায় নগরের দুই নং রেলগেট থেকে চাষাঢ়া এবং খানপুর থেকে চাষাঢ়া পর্যন্ত রোডগুলোতে যানবাহন চলাচল বন্ধ ছিল। এর ফলে বিপাকে পড়েছেন রাস্তায় বের হওয়া যাত্রীরা।

দিনভর ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে কাকভেজা হয়ে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ সহ বিভিন্ন স্লোগান উচ্চারণ করে পুরো নগরী উত্তাল করে তোলেন। এ সময় চাষাড়ার মোড়ে টহলরত বিজিবির গাড়ির সামনেও বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। তবে বিজিবি সদস্যদের নীরব ভূমিকায় দেখা গিয়েছে। পরে শিক্ষার্থীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল নিয়ে চাষাড়া থেকে ২ নং রেলগেট হয়ে আবার চাষাড়ায় আসেন।

সারা দেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদ ও নয় দফা দাবিতে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ আহ্বানে সাড়া দিয়ে নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে বঙ্গবন্ধু সড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রেখেছেন সেখানকার আন্দোলনকারীরা। শনিবার বিকেল পাচঁটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীর সদস্যরা নিরাপদ দূরত্বে অবস্থান নিয়েছেন।

এদিকে শহীদ মিনারে গণহত্যার বিচার, শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ জনতার মুক্তি, গণগ্রেফতার বন্ধ ও কারফিউ প্রতাহারের দাবিতে দ্রোহের কবিতা ও গান পরিবেশন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ আয়োজন। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের বিভিন্ন সংগঠন তাদের সঙ্গে অংশ নেন।