জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে মওলানা ভাসানী হল ও আ ফ ম কামালউদ্দিন হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এতে সাতজন শিক্ষার্থী আহত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র সূত্রে জানা গেছে।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় দুই হলের মধ্যবর্তী বটতলা নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রক্টরিয়াল টিমের সদস্য, সংশ্লিষ্ট হল সমূহের প্রভোস্টরা উপস্থিত ছিলেন। পরে ঘটনাস্থলে আসেন উপাচার্য অধ্যাপক নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক, চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ ও গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ফরিদ আহমদ প্রমুখ।

ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. শামসুর রহমান বলেন, এ পর্যন্ত সাতজন শিক্ষার্থী চিকিৎসা কেন্দ্রে এসেছেন। এদের মধ্যে দুইজনকে এনাম মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়েছে। বাকিরা সাধারণ চিকিৎসা নিয়ে চলে গেছেন।

আহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অর্পণ। তিনি আ ফ ম কামাল উদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী। 

উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, ‘খুব বিচ্ছিন্ন একটি ঘটনাকে কেন্দ্র করে এটি ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডি কাজ করছে। এরই মধ্যে পরিস্থিতি শান্ত হয়েছে। পুলিশকে জানানো হয়েছে। তারপরও প্রয়োজন হলে পুলিশের সহায়তা নেয়া হবে। আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ-খবর রাখা হবে।’