দেশের কৃষি-প্রক্রিয়াজাতকরণ, রিয়েল এস্টেট, বস্ত্র, উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে মোট ১ হাজার ৫০৪ কোটি টাকার নতুন বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে শেল্টেক গ্রুপ। শিল্পগোষ্ঠীটির দাবি, এসব বিনিয়োগ বাস্তবায়িত হলে প্রায় ৪৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এর মধ্যে চুক্তিভিত্তিক কৃষিকাজের আওতায় যুক্ত হবেন প্রায় ৪০ হাজার কৃষক।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন বিনিয়োগ দেশের শিল্পায়ন, রফতানি সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে। বিনিয়োগের একটি বড় অংশ নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে। বাকি প্রকল্পগুলো এগিয়ে নেয়া হবে যৌথ উদ্যোগ, ব্যাংকঋণ ও বৈদেশিক অর্থায়নের মাধ্যমে। শেল্টেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের চাহিদা এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে সামনে রেখে বিভিন্ন খাতে বিনিয়োগ সম্প্রসারণ করা হচ্ছে। তার ভাষায়, এসব প্রকল্প বাস্তবায়িত হলে শিল্প উৎপাদন, রফতানি আয় ও কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।’
শেল্টেক জানায়, নতুন বিনিয়োগের মধ্যে সবচেয়ে বড় উদ্যোগ নেয়া হয়েছে কৃষি-প্রক্রিয়াজাতকরণ খাতে। স্পেনের অংশীদারের সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত স্পেন বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডে এরইমধ্যে প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে এবং সেখান থেকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে পণ্য রফতানিও চলছে। প্রকল্পটির আওতায় প্রায় ৪০ হাজার কৃষক চুক্তিভিত্তিক চাষাবাদের সঙ্গে যুক্ত হবেন। পূর্ণ সক্ষমতায় পরিচালিত হলে এ প্রকল্প থেকে বছরে প্রায় ২ হাজার ৪৪০ কোটি টাকার রফতানি আয় অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রিয়েল এস্টেট খাতে বনশ্রী এলাকায় ‘শেল্টেক লিগ্যাসি প্লাজা’ নামে ১৭ তলা বাণিজ্যিক ভবন নির্মাণে ৫৭৫ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনার কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় দুই লাখ বর্গফুট বাণিজ্যিক স্পেস নিয়ে নির্মিতব্য ভবনটি আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব LEED সনদপ্রাপ্ত গ্রিন বিল্ডিং হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া জলসিঁড়ি আবাসন এলাকায় যৌথ উদ্যোগে ২৬৫ কোটি টাকা বিনিয়োগে ২১টি আবাসন প্রকল্পের কাজ এগিয়ে চলছে।
উৎপাদন খাতে সিলেটে দেশের একমাত্র অ্যাব্রেসিভ পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্রাইন্ডটেক লিমিটেডে ৮৫ কোটি টাকার বিনিয়োগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অন্যদিকে বস্ত্র খাতে ব্লেন্ডেড সুতার উৎপাদন সক্ষমতা বাড়াতে এনভয় টেক্সটাইলস লিমিটেডে প্রায় ১৭৯ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৭ সালের মধ্যে এ সম্প্রসারণ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
নবায়নযোগ্য জ্বালানি খাতে কার্বন নিঃসরণ কমানো এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গ্রুপটির বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে মোট ১০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, এটি তাদের টেকসই উন্নয়ন কৌশলের অংশ।
১৯৮৮ সালে প্রতিষ্ঠিত শেল্টেক গ্রুপ বর্তমানে রিয়েল এস্টেট, নির্মাণ, প্রিমিয়াম ওয়াল ও ফ্লোর টাইলস, বৈদ্যুতিক পোল, কৃষি, গার্মেন্টস ও টেক্সটাইল, হসপিটালিটি এবং বিভিন্ন সেবাখাতে ব্যবসা পরিচালনা করছে। বর্তমানে প্রতিষ্ঠানটির বার্ষিক টার্নওভার প্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকা। নতুন প্রকল্পগুলো পূর্ণাঙ্গভাবে চালু হলে ২০৩০ সালের মধ্যে টার্নওভার ৯ হাজার ২০০ কোটি টাকায় উন্নীত হবে বলে আশা করছে শিল্পগোষ্ঠীটি।










