চাঁদপুরের হাজীগঞ্জে জমিতে বালি ভরাটকে কেন্দ্র করে চাচা কাউছার প্রধানিয়ার ঘুসিতে ভাতিজা সালামত প্রধানিয়ার (৩৪) মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা গ্রামের প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সালামত ওই বাড়ির রবিউল আলমের ছেলে। তিনি চাঁদপুর জেলা জজ আদালতের আইনজীবী পবিত্র লাল সরকারের সহকারী হিসেবে কাজ করতেন। কাউছার একই বাড়ির মৃত আমির হোসেন প্রধানিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সালামত ঘর ওঠানোর জন্য বাড়ির সামনের ভিটায় বালি ভরাটের কাজ শুরু করেন। ওই সময় একই গোষ্ঠীর চাচা সম্পর্কীয় কাউছার এসে জিজ্ঞাসা করেন কেন বালু ভরাট করা হয়েছে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে কাউছার সালামতের পেটে ঘুসি মারেন। এতে ঘটনাস্থলেই সালামত লুটিয়ে পড়ে। সেখান থেকে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তামীম হোসেন মৃত ঘোষণা করেন। ডা. তামীম হোসেন বলেন, ‘হাসপাতালে আনার আগেই সালামতের মৃত্যু হয়েছে।’
সালামতের বাবা রবিউল আলম বলেন, ‘কাউছার আমার চাচাতো ভাই। তাদের সঙ্গে বালি ভরাটের জায়গা নিয়ে কোনো সমস্যা নেই। অন্য জায়গা নিয়ে উচ্ছেদ মামলা আছে। কাউছার আমাদের সঙ্গে কোনো কথা না বলে রমজান মাসে আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।’










