ভোটে অনিয়মের অভিযোগ তুলে ময়মনসিংহ-১০ আসনে পুনর্নির্বাচন দাবি করেছেন পরাজিত দুই স্বতন্ত্র প্রার্থী। গতকাল দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ড. আবুল হোসেন দীপু ও অ্যাডভোকেট কায়সার আহাম্মদ।
সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, আসনটিতে ৩ লাখ ৮২ হাজার ৯৪৬ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৩৭ হাজার ২৪৫ জন। নৌকার প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল একাই পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ৮৯৩ ভোট। এখানে কারচুপি, প্রকাশ্যে ব্যালটে সিল মারার অভিযোগে ভোট শুরুর পরপরই তারা বর্জনের ঘোষণা দেন।
ট্রাক প্রতীকের প্রার্থী আবুল হোসেন দীপু বলেন, ‘আমি নিজেই ভোট দিতে পারিনি। আমার কেন্দ্রে গিয়ে ব্যালটে নিজের প্রতীক পাইনি। নির্বাচনের দিন আমার সব এজেন্টকে বের করে দিয়ে নৌকার সমর্থকরা ইচ্ছামতো সিল মেরেছে।’
ঈগল প্রতীকের প্রার্থী কায়সার আহাম্মদ বলেন, ‘অস্ত্র দেখিয়ে আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয় নৌকার সমর্থকরা। কিছু কেন্দ্রে ভোট শুরুর আগেই ব্যালট পেপারে নৌকায় সিল মেরে রাখা হয়েছিল।’










