মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রখর রোদে দাঁড়িয়ে প্রাত্যহিক সমাবেশ (পিটি) ও পুলিশের সচেতনতামূলক কর্মসূচির পর এক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। এ ঘটনায় সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ শিক্ষার্থীকে ভর্তি করা হয়।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী জানায়, গরমের আগে তাদের প্রাত্যহিক সমাবেশ মাঠে হতো। প্রচণ্ড তাপের কারণে প্রাত্যহিক সমাবেশ বন্ধ ছিল। রোববার ইউনিয়ন বিট পুলিশের সচেতনতামূলক সভা ছিল। এ কারণে বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে মাঠে আনা হয়। প্রচণ্ড তাপ ও গরমের মধ্যে পুলিশ বক্তব্য দিচ্ছিল। একপর্যায়ে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী মাটিতে ঢলে পড়ে। এ অবস্থা দেখে সব শিক্ষার্থীকে শ্রেণী কক্ষে পাঠানো হয়। সেখানে ২০-২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
প্রধান শিক্ষক আমিন উদ্দিন বলেন, গরমের কারণে তিন মাস ধরে বিদ্যালয়ের প্রতিটি ক্লাসেই ১৫ মিনিট পিটি করানো হয়। কিন্তু রোববার সিরাজদিখান থানার একজন অফিসার বিট পুলিশিংয়ের কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের ক্লাসের বাইরে নিয়ে ইভটিজিং, মাদকবিরোধী আলোচনা করেন। সেখানেই কিছু শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়ে।
তবে মুন্সিগঞ্জের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (রিফাত) জানান, পুলিশের কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের মাঠে আনা হয়নি। বিদ্যালয়টির অ্যাসেম্বলি নিয়মিত মাঠে হয়। এ সময় বিট পুলিশিংয়ের কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের বাল্যবিবাহ, মাদক, কিশোর গ্যাং ও ইভ টিজিংয়ের বিরুদ্ধে সচেতন করতে পুলিশের একজন সদস্য গিয়েছিলেন।










