কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে অক্টোবর মাসে বিপুল পরিমাণে ভারতীয় চোরাই পণ্য আটক করেছে কুড়িগ্রাম ২২ বিজিবি। এসব পণ্যের মোট বাজারমূল্য আনুমানিক ২ কোটি ১৭ লাখ টাকা। শনিবার (১ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
আটক পণ্যের মধ্যে রয়েছে গবাদী পশু (গরু, মহিষ), ইয়াবা, মদ, ফেনসিডিল, গাঁজা, মসলা, চিনি, কমপ্লিট ড্রেসের কাপড়, চকলেট, কসমেটিকস, সাইকেল, কম্বল, মোবাইল ফোন প্রভৃতি।
সবশেষ গতকাল (৩১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ নারায়নপুর বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারত থেকে দেশে মাদকদ্রব্য পাচারের তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবির একটি বিশেষ টহল দল। তারা সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৪০০ গজ ভেতরে মাস্টারপাড়া থেকে ১৮৭ পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সাম্প্রতিক সময়ে কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি সীমান্ত ও এর আশপাশের জনপদে নিরাপত্তা জোরদার করেছে।










