নেত্রকোনার সদর উপজেলার সতরশ্রী বাজার এলাকা থেকে একটি আহত গন্ধবকুল উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে প্রাণীটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে বন বিভাগে খবর দেন। পরে রাত ১১টার দিকে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে গন্ধবকুলটিকে উদ্ধার করে জেলা বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়।

বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধার গন্ধবকুলটি প্রায় তিন ফুট লম্বা ও দেড় ফুট উচ্চতার। দেখতে অনেকটা চিতাবাঘের মতো হওয়ায় প্রথমে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। কেউ কেউ এটিকে বাঘ ভেবে আতঙ্কিত হন। রোববার (১১ জানুয়ারি) সকালে জেলা ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে প্রাণীটির চিকিৎসা শুরু হয়।

স্থানীয়রা জানান, রাতের বেলায় রাস্তা পার হওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় গন্ধবকুলটি আহত হয়ে থাকতে পারে। দুর্ঘটনার পর সেটি রাস্তার পাশে পড়ে ছিল। বিষয়টি নজরে এলে স্থানীয়রা বন বিভাগকে অবহিত করেন।

নেত্রকোনা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন এলাহী বলেন, আহত অবস্থায় গন্ধবকুলটিকে উদ্ধার করা হয়েছে। এর মাথায় আঘাত রয়েছে এবং চিকিৎসা চলছে। পুরোপুরি সুস্থ হলে প্রাণীটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।