সারা দেশে বাস-মিনিবাস রয়েছে ৭৬ হাজার ২৩১টি। এর মধ্যে ২৮ হাজার ৭৬১টি বাস ও মিনিবাসের বয়স ২০ বছর পেরিয়ে গেছে। এসব পুরনো বাস রাস্তা থেকে সরিয়ে নিতে মালিকদের ছয় মাস সময় বেঁধে দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত ‘ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণে পুরাতন মোটরযান অপসারণ’ শীর্ষক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভা শেষে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের জানান, ‘আমরা একটা অঙ্গীকার নিয়ে আজকেই এই সভা করেছি। সেখানে সব অংশীজন উপস্থিত ছিলেন। সভায় আমরা একটা সময়সীমা দিয়েছি। রাস্তা থেকে পুরনো যানবাহন সরিয়ে নিতে ছয় মাস সময় দিয়েছি।’

তিনি বলেন, ‘হঠাৎ করে এ বাসগুলো তুলে নিলে জনদুর্ভোগ হতে পারে। এই সময়ের মধ্যে মালিকরা নতুন বাস কেনার জন্য সরকারের কাছ থেকে ঋণ পেতে পারেন কিনা, সরকারের যে ইলেকট্রিক ভেহিকল নীতিমালা আছে, সেটার অধীনে সরকার ইলেকট্রিক ভেহিকল প্রকিয়র করবে কিনা, এই বাসগুলো কনভারশনের (রূপান্তর) কোনো সুযোগ আছে কিনা, ইত্যাদি বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য ছয় মাসের সময় দেয়া হয়েছে।’

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে সভায় পরিবহন মালিকসহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।