সয়দাবাদের ডিগ্রিরচর এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জ সদর ফায়ার সার্ভিসের অফিসার আব্দুল হামিদ বলেন, গতকাল বেলা সোয়া ১১টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ডিগ্রিরচর এলাকায় রেললাইনের পাশ দিয়ে তিন যুবক হেঁটে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক যুবককে মৃত ঘোষণা করেন।