কুড়িগ্রাম পৌরসভার কাছে ৫ কোটি ২৮ লাখ টাকার বিদ্যুৎ বিল পাওনা রয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো)। পৌরসভার মূল ভবন, অডিটোরিয়াম, পানি পরিশোধনাগার, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সড়ক লাইনসহ বিদ্যুৎ সংযোগের অন্তত ২২টি হিসাব নম্বর রয়েছে। এসব হিসাব নম্বরের কোনোটিতেই নিয়মিত বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করেছে নেসকো। গতকাল সকাল ৯টার দিকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কুড়িগ্রাম পৌরসভা ও নেসকো কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
নেসকো সূত্রে জানা গেছে, পৌরসভার কয়েকটি সংযোগ বাবদ প্রতি মাসে প্রায় ৪-৬ লাখ টাকা বিদ্যুৎ বিল আসে। সংযোগগুলোর বিপরীতে পৌরসভার হিসাব নম্বরে ৫ কোটি ২৮ লাখ ৫৭ হাজার টাকা বকেয়া পড়েছে। নোটিস করার পরও বছরের পর বছর ধরে পৌর কর্তৃপক্ষ বকেয়া বিল পরিশোধ না করায় এ ব্যবস্থা নিয়েছে নেসকো। শুধু কেন্দ্রীয় বাস টার্মিনালের বিদ্যুৎ বিল বকেয়া প্রায় সাড়ে ৮ লাখ ও চারটি ক্ষুদ্র পানির পাম্পের বকেয়া বিল প্রায় ২ কোটি ৪৪ লাখ টাকা।
পৌরসভার মেয়র কাজিউল ইসলাম জানান, রাজস্ব সংকটে পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। এটা পৌরসভার সৃষ্টিলগ্ন থেকে চলে আসছে। বকেয়া বিলের কিছু পরিশোধ করে সংযোগ চালুর ব্যবস্থা করা হবে। বাস টার্মিনাল ইজারা নিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান না ইজারাদাররা। বারবার তাগিদ দিলেও বিলের টাকা পরিশোধ করেন না। কয়েকদিন আগেও তাদের বিল পরিশোধের তাগিদ দেয়া হয়েছিল। তবে বাস মালিকপক্ষ বলছে, পৌরসভা দেবে। কিন্তু পৌরসভার বিধি অনুযায়ী যারা ইজারা নেবে তারাই বিদ্যুৎ বিল দেবে।










