চাঁদপুরে জেলেদের চাল আত্মসাৎ মামলায় সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটোয়ারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান। অভিযুক্ত চেয়ারম্যান গতকাল দুপুরে আদালতে হাজির হয়ে জামিন নিতে গেলে বিচারক তাকে জামিন না দিয়ে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রণজিৎ রায় চৌধুরী জানান, গত ১৮ মে নিবন্ধিত জেলেদের জন্য জাটকা রক্ষায় সরকারের খাদ্যসহায়তার আওতায় ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বিতরণের জন্য কল্যাণপুর ইউনিয়নের ৬৭১ জন জেলের জন্য দুই মাসের এক হাজার ৭৪ বস্তা চাল উত্তোলন করেন ইউপি চেয়ারম্যান। তবে বিতরণের সময় তত্কালীন চাঁদপুর সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা ও ট্যাগ কর্মকর্তা মিজানুর রহমান ৯৯২ বস্তা চাল পেলেও বাকি ৮২ বস্তা না পাওয়ায় তাত্ক্ষণিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজকে অবগত করেন।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়ায় দুটি গুদাম সিলগালা করেন। পরে সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে আদালতে মামলা করেন। ওই মামলায় উচ্চ আদালত থেকে এক মাসের আগাম জামিন নেন চেয়ারম্যান রনি। গতকাল সকালে নিম্ন আদালতে মামলার হাজিরা দিতে গেলে জেলা দায়রা ও জজ আদালতের বিচারক এসএম জিয়াউর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।










