মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল তাদের কভিড পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

গণমাধ্যমকে জেলা প্রশাসক জানান, পরিবারের সবার কাশি ও জ্বর দেখা দিলে নমুনা পরীক্ষা করানো হয়। পরীক্ষায় স্ত্রী ও দুই সন্তানসহ পরিবারের চার সদস্যের ফলাফল পজিটিভ আসে। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে বাসায় আইসোলেশনে আছেন তারা। তবে জ্বর-কাশি ছাড়া তাদের অন্য কোনো উপসর্গ বা শারীরিক সমস্যা দেখা দেয়নি।

জেলা প্রশাসক বলেন, মৌলভীবাজারে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের প্রথম বছর পূর্ণ করার দিন কভিড পজিটিভ এল। তবে আমরা ভালো আছি।

গত বছরের ৫ জুলাই মৌলভীবাজারে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মীর নাহিদ আহসান। করোনা নিয়ন্ত্রণে তিনি সার্বক্ষণিক মাঠে ছিলেন। গত ১০ জুন সিলেট বিভাগের শ্রেষ্ঠ ডিসি হিসেবে শুদ্ধাচার পুরস্কার পান তিনি।