রাঙ্গামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে জাবেদ আলী (২০) নামে এক যুবক মারা গেছেন। আজ সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার বগাচত্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মুসলিম ব্লক এলাকায় কৃষি জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, সকালে জাবেদ পরিবারের অন্যদের সঙ্গে জমিতে কাজ করতে যান। দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের বিকট শব্দে তিনি মাটিতে পড়ে যান। তার শরীরের কিছু অংশ পুড়ে যায়। সঙ্গে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে লংগদু উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসক ডা. মোস্তফা মনির জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে জাবেদকে মৃত ঘোষণা করা হয়। বজ্রপাতে তার শরীরের কিছু অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।