গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে ট্রেনের চাকায় কাটা পড়ে আব্দুস সোবহান আকন্দ নামের একজন স্টেশন মাস্টার নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মহিমাগঞ্জ রেল স্টেশনে এ ঘটনা।

নিহত আব্দুস সোবহানের গ্রামের বাড়ি গাইবান্ধার পৌর এলাকার জুম্মাপাড়ায়। তিনি মহিমাগঞ্জ রেল স্টেশনের চুক্তিভিত্তিক স্টেশন মাস্টার হিসাবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মহিমাগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার সোহাগ খান।

স্থানীয়রা জানান, আব্দুস সোবহান ডিউটি শেষে গাইবান্ধা শহরের নিজের বাসায় যাওয়ার জন্য সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তঃনগর ৭১৩ আপ করতোয়া এক্সপ্রেস ট্রেনে ওঠেন। এ সময় পা ফসকে তিনি প্লাটফরমের নিচে পড়ে যান। এ সময় তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।