ফেনীতে টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণসহ আট দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অভিমুখে পদযাত্রা করেছে স্থানীয় জনতা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নে কোনো ধরনের আশ্বাস না পেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
ফেনীর সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত পদযাত্রা গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়। পরে ট্রাংক রোড হয়ে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক প্রদক্ষিণ করে মহিপালে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
আয়োজকরা বলেন, দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধানের দাবিতে বিভিন্ন মহলে তারা দাবি জানিয়ে আসছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বর্ষা মৌসুম এলেই এ জনপদ ডুবে হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়ে। এজন্য ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে এ পদযাত্রা কর্মসূচি পালন করেছে।
কর্মসূচিতে ফেনীর ছয় উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, ভুক্তভোগী বাসিন্দা ও ছাত্র-জনতা উপস্থিত ছিলেন। এ সময় টেকসই বাঁধ নির্মাণ, বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে দেয়া, নদী শাসন ও বালি উত্তোলন রোধ, মুছাপুর ক্লোজারসহ আশপাশের এলাকায় বাঁধের রক্ষণাবেক্ষণ, খাল খনন ও খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, দুর্যোগ প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ, ২০২৪ সালের বন্যায় সরকার ঘোষিত পুনর্বাসন প্রকল্প ও ক্ষয়ক্ষতির প্রতিবেদনের সঠিক তথ্য প্রকাশ এবং ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি তুলে ধরেন তারা।
স্বেচ্ছাসেবী সংগঠক ওসমান গনি রাসেল বলেন, ‘শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে দাবিগুলোর ব্যাপারে জনমত গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ কর্মসূচি। টেকসই বাঁধ নির্মাণসহ আট দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবি বাস্তবায়নে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোনো আশ্বাস না পেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অংশে ব্লকেড কর্মসূচি পালন করা হবে।’
কর্মসূচিতে অংশ নিয়ে জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান বলেন, ‘এগুলো সব যুক্তিসংগত দাবি। আমরা ফেনীবাসী এসব ন্যায্য দাবির সঙ্গে একমত।’
এদিকে কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডসহ শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।










