ওরসে যাওয়ার পথে টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপভ্যান উল্টে খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ বুধবার (১ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার পেচামানিক এলাকার মৃত সুলতানের স্ত্রী সাহারা ওরফে শাহানা (৬০) ও একই এলাকার মৃত মাহাতাব আলীর মেয়ে নুরজাহান (৫০) ও তার বোন ফিরোজা।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, জামালপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর ওরসে যাচ্ছিল। ওরসের যাত্রী বহনকৃত খোলা পিকআপটি উপজেলার আনালিয়াবাড়ী ১০ নম্বর ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, একটি মরদেহ থানায় ও বাকি দুটি হাসপাতালে আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।










