রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার তিন মাস পার হলেও ফলাফল প্রকাশ করা হয়নি। দ্রুত ফলাফল প্রকাশের দাবিতে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের তৃতীয় তলায় বিভাগের অফিসরুম ও গেটে তালা দিয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, অর্ডিন্যান্স অনুযায়ী এক মাসের মধ্যেই ফল প্রকাশের কথা। কিন্তু তিন মাস অপেক্ষার পরও ফলাফল প্রকাশ হয়নি।