ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় জোরপূর্বক স্বীকারোক্তি আদায় ও ঘুস নেয়ার অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ইমরান হোসেন মামুনের মা নূর নাহার বাদী হয়ে গতকাল সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন।
আবেদনে পিবিআইয়ের সাবেক প্রধান বনজ কুমার, পুলিশ সুপার মাঈন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, ওসি শাহ আলম, উপপরিদর্শক সন্তোষ চাকমা, রতেপ চন্দ্র দাস ও লুৎফর রহমানের নাম উল্লেখ করা হয়েছে।
নূর নাহারের আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ‘নুসরাত জাহান রাফির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্তে স্বচ্ছতা ও রায়ের বিষয়ে শুরু থেকেই এক ধরনের সমালোচনা চলে আসছিল। মামলার এক নম্বর সাক্ষী ছিলেন পিবিআইয়ের এসআই জাহাঙ্গীর আলম বাবলু। তিনি ১২ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে ওই মামলার তদন্ত চলাকালে আসামিদের নির্যাতন ও তাদের পরিবার থেকে অর্থ আদায়ের বিষয়টি ছড়িয়ে দেন। এর আগেও আসামি পক্ষ থেকে বহুবার পিবিআইয়ের বিরুদ্ধে অর্থ আদায়সহ নানা অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে ইমরান হোসেন মামুনের মা নূর নাহার মামলার আবেদন করেন। বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। তবে এখন পর্যন্ত কোনো আদেশ দেয়া হয়নি।’










