যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রথম বর্ষে ভর্তির আবেদন আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে। জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা শেষে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের যবিপ্রবির https://admission.just.edu.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এই লিঙ্কে অনলাইনে আবেদন পদ্ধতি এবং অনুষদ ও বিভাগের দেওয়া আলাদা আলাদা শর্তগুলোও পাওয়া যাবে। শিক্ষার্থীরা ১০ নভেম্বর দুপুর ১২টা থেকে ২৮ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ জিএসটি গুচ্ছভুক্ত নয় বলে এই বিভাগে ভর্তির জন্য আলদা বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন ও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। ২০১৯ ও ২০২০ সালে যেকোনো বিভাগ হতে এইচএসসি/সমমান পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এ বিভাগে আবেদনের সময় আগামী ১০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
যবিপ্রবিতে এ বছর সাতটি অনুষদের অধীনে ২৬টি বিভাগে মোট ৯৬০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ আসনগুলো ছাড়াও মোট আসনের মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং যবিপ্রবিতে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা সংরক্ষিত থাকবে। আগামী বছরের ২৫ জানুয়ারি একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
শিক্ষার্থীদের দুর্দশা লাঘবের জন্য এবছর গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়। ইতিমধ্যে এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সি ইউনিটের ফলাফলও যেকোনো সময় ঘোষণা করা হবে।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, আগামীতে সকল বিশ্ববিদ্যালয় যদি একসাথে ভর্তি পরীক্ষা গ্রহণ করতে পারে, তাহলে শিক্ষার্থী-অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের দুর্দশা আরও লাঘব হবে। আমাদের লক্ষ্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সমাপ্ত করা।
উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত সকল তথ্য www.just.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।










