দেশে বর্তমানে চলমান বড় বড় প্রকল্পগুলো দেখে বিশ্ব তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। আজ মঙ্গলবার সকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ২০০৮ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার ক্ষমতায় আসি। এরপর যে উন্নয়ন দেশে হয়েছে, যে সকল বড় বড় প্রকল্প চলমান; তা দেখে বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। 

এ সময় রাজবাড়ীবাসীকে বুকে হাত দিয়ে উন্নয়নগুলোর ব্যাপারে চিন্তা করতে বলেন তিনি। মো. ফরিদুল হক খান বলেন, আপনারা রাতে ঘুমানোর সময় বুকে হাত দিয়ে চিন্তা করবেন- ১২ বছর আগে দেশের কী অবস্থা ছিল, এখন কি অবস্থায় আছে। 

এ সময় বিবেক জাগ্রত হলে স্বাধীনতার স্বপক্ষের মানুষকে ফের ভোট দিয়ে দেশের কাজ করতে সুযোগ দেয়ার আহ্বান জানান তিনি।

রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে ধর্মীয় সম্প্রতি ও সচেতনতা বৃদ্ধি প্রকল্পের আওতায় আন্তঃধর্মীয় সংলাপের অয়োজনটি করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। 

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকীম। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, পৌর মেয়র আলমগীর শেখ তিতু, ভান্ডারিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মো. শিরাজুম মুনির, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট গণেশ নারায়ণ চৌধুরীসহ বিভিন্ন ধর্মীয় ও শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

সংলাপে জেলা সরকারি-বেসকারি কর্মকর্তা, সাংবাদিক, শুসীল সমাজ ও বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা অংশ নেন।