দীর্ঘ ২৭ বছর নিখোঁজ থাকার পর পরিবারের কাছে ফিরছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রবাসী আমির হোসেন তালুকদার। আজ মঙ্গলবার দিবারাত ১২টা ১০ মিনিটে বাতিক এয়ারের (ওডি১৬২) ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।
প্রায় তিন দশক আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়া পাড়ি জমান আমির হোসেন। প্রবাস জীবনের প্রথম তিন বছর পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও পরবর্তী ২৭ বছর ধরে তার কোনো খোঁজ পায়নি পরিবার। সময়ের সঙ্গে স্বজনরা ধরে নিয়েছিলেন, তিনি হয়তো আর বেঁচে নেই।
সম্প্রতি মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশীদের উদ্যোগে নাটকীয় মোড় নেয় এ ঘটনা। স্থানীয়ভাবে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি মালয়েশিয়ার জঙ্গলে মানবেতর জীবনযাপন করছিলেন। সেখান থেকে উদ্ধার করে তার পরিচয় শনাক্তে এগিয়ে আসেন বাংলাদেশী প্রবাসীরা। বিশেষ করে প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাস ও পেনাং রাজ্যের দিপু নামে এক প্রবাসীর উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচারিত হলে তা দ্রুত সাড়া ফেলে।
পরবর্তীতে পরিবারের সদস্যরা আমির হোসেনকে শনাক্ত করেন। এরপর বাপ্পি কুমার দাসের উদ্যোগে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে ট্রাভেল পাস প্রদান করে দেশে ফেরার ব্যবস্থা করে।
বাপ্পি কুমার দাস বণিক বার্তাকে জানান, প্রায় দুই বছর আগে মালয়েশিয়ার একটি জঙ্গলে অসুস্থ অবস্থায় আমির হোসেনকে পাওয়া যায়। তখন তিনি নিজের পরিচয় দিতে পারছিলেন না। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ছড়িয়ে পড়লে তার পরিচয় নিশ্চিত হয়। তবে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন না থাকায় দেশে ফেরাতে জটিলতা সৃষ্টি হয়। তবে দূতাবাস এ ব্যাপারে সহায়তা করে। পেনাংপ্রবাসী দিপুর আর্থিক সহায়তায় আমির হোসেন দেশে ফিরছেন।
জানা গেছে, আমির হোসেন তালুকদারের দেশে দুই মেয়ে, তিন ছেলে ও স্ত্রী রয়েছেন। এর মধ্যে একজন ছেলে মারা গেছেন।










