সর্বজনীন পেনশন ব্যবস্থা ‘‌প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর গতকাল ফের কর্মবিরতির পাশাপাশি অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।৷এ সময় ‘‌বৈষম্যমূলক’ স্কিম প্রত্যাহার না করা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা। 

তারা জানান, তাদের এ আন্দোলন সরকারবিরোধী নয়, প্রত্যয় স্কিমের বিরুদ্ধে। আর যারা এই স্কিম চালু করে দেশের সব বিশ্ববিদ্যালয়কে অচল করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে। শিক্ষক সমাজ পিছু হটবে না, যতক্ষণ না দাবি আদায় হয়। এ আন্দোলন চলমান থাকবে।

এ সময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূইয়া বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই তিন দফা দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের দাবি মেনে না নিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়ার চেষ্টা করা হচ্ছে। ২০১৫ সালে আমাদের সুপারগ্রেড দেয়ার কথা থাকলেও কোনো এক অদৃশ্য শক্তিবলে আমরা পাইনি।’