ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ২০২৩-২৪ অর্থবছরের ৫৭২ কোটি ১১ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। এর মধ্যে রাজস্ব বাজেট ১১১ কোটি টাকা এবং উন্নয়ন বাজেট ৪৬০ কোটি টাকা। গতকাল মসিকের বাজেট সভায় ২০২২-২৩ অর্থবছরের ৪১৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেটের বিপরীতে ৪০৭ কোটি ৯৪ লাখ টাকার সংশোধিত বাজেট পাস হয়।
গতকাল দুপুরে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট সভায় সভাপতি মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘জনকল্যাণমুখী কাজে নিজেদের আরো সম্পৃক্ত করে জনগণের সেবা করতে হবে। জনগণের নিরবচ্ছিন্ন সেবা যেন বিঘ্নিত না হয় সেদিকে সর্বাত্মক প্রচেষ্টা নিতে হবে।’
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সংস্থাপন খাতে ব্যয় ৪৫ কোটি ২২ লাখ, শিক্ষা খাতে ব্যয় ৮৩ লাখ ৫৫ হাজার, স্বাস্থ্য খাতে ব্যয় ৩ কোটি ৬৬ লাখ, পরিচ্ছন্নতা খাতে ২৬ কোটি ৩৪ লাখ, বিদ্যুৎ প্রকৌশল/সড়কবাতি খাতে ৯ কোটি, সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়নে ১ কোটি ২০ লাখ, বিবিধ খাতে ৪ কোটি ৬৪ লাখ, পানি শাখায় ৪ কোটি ২৩ লাখ এবং উন্নয়ন হিসেবে ৪৬০ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
এ সভায় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, অর্থ ও সংস্থাপনবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র-২ মাহবুবুর রহমান, প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সচিব আরিফুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা অসীম সাহা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, বিভাগ ও শাখা প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।










