বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিল হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছেন। রোববার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের বাসিন্দা মোস্তফা হাওলাদারের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী তাজ আনন্দ পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাকিল হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাস ও মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি আমিনুর রহমান।