মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মানসিক প্রতিবন্ধী ছেলের ধারাল অস্ত্রের আঘাতে পিতা আফেল উদ্দীন (৫৮) নিহত হয়েছেন। গতকাল সকালে এ ঘটনা ঘটে। নিহত আফেল উদ্দীন ওই গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।
জানা গেছে, সকালে নিজ বাড়িতে বসে ছিলেন বৃদ্ধ আফেল উদ্দীন। এ সময় ছেলে সুজন এসে তরকারি কাটার বঁটি দিয়ে আকস্মিক পেছন থেকে তার ঘাড়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। প্রতিবেশীরা সুজনকে ধরতে গিয়েও ব্যর্থ হয়। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি সুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।










