পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে বিশালাকৃতির একটি মৃত বেলিন প্রজাতির তিমি। এর দৈর্ঘ্য ৩০ ফুট ও প্রস্থ ৬ ফুট। গতকাল সকাল ৯টার দিকে জোয়ারের পানিতে সৈকতের ঝাউবাগান পয়েন্টে তিমিটি ভেসে আসে। ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, ২০১৮ সালে সৈকতে আরো বড় একটি তিমি ভেসে এসেছিল। তবে ঠিক কী কারণে এসব তিমি মারা যাচ্ছে তা বলা যাচ্ছে না। মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, নমুনা সংগ্রহ করে তিমিটি মাটিচাপা দেয়া হবে।