২২ বছর পর সুনামগঞ্জের ছাতকে তেরা মিয়া হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এই মামলায় ফারুক মিয়া ওরফে মধু মিয়া নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। এ মামলায় আরও ৩১ জনকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মহি উদ্দিন মুরাদ এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে বসেই রায় শুনেন ২৭ আসামি।

রাষ্ট্র পক্ষের আইনজীবী গোলাম মোস্তফা জানান, রায়ে সন্তুষ্ট বাদীপক্ষ।

আদালত সুত্রে জানা যায়, ১৯৯৯ সালের ২২ নভেম্বর সকালে জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নে বলারপীরপুর গ্রামের তেতইখালী খালে সেতু নির্মাণের বিরোধকে কেন্দ্র করে আব্দুল হাই আজাদ মছকু মিয়া ও আরজু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় বন্দুকের গুলিতে আরজু মিয়ার বড়ভাই তেরা মিয়া (৬২) সহ ৩০ জন গুরুতর আহত হয়। গুরুতর আহত তেরা মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহতের ভাতিজা সিরাজুল ইসলাম বাদী হয়ে ওই বছরের ২৪ নভেম্বর ছাতক থানায় ৪৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা চলাকালে ৮ জন আসামি মারা যায় এবং এখনো ১৩ জন আসামি পলাতক রয়েছে। ছাতক থানার তৎকালীন ওসি ২০০৪ সালের ২১ এপ্রিল আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় ২২ জনের স্বাক্ষী গ্রহণ করা হয়।