মানিকগঞ্জে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা দিনভর মনিটরিং অভিযান চালিয়েছেন। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে চাল, ডাল, শাকসবজি, মাছ, মাংস, ডিমসহ নিত্যপণ্যের ওপর এ মনিটরিং চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

অভিযানে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে পাকা রশিদ ও ক্যাশ মেমো চেক করা হয় এবং মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণের জন্য নির্দেশনা দেয়া হয়।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন বলেন, পণ্যের সরবরাহ ঠিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে বিশেষ টাস্কফোর্সের পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন কর্মকর্তারাও নিয়মিত বাজার তদারকি করছেন। অতিমুনাফা ঠেকাতে পাইকারি ও খুচরা পর্যায়ে ক্রয় রশিদ ও মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ওয়ারেস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, কৃষি বিপণন কর্মকর্তা মোরশেদ আল মাহমুদ, ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক এবিএম সামছুন্নবী তুলিপ, প্রাণিসম্পদ কর্মকর্তা আজিজুল হক, ছাত্র প্রতিনিধি নাহিদ মনিরসহ বিশেষ টাস্কফোর্সের সদস্য এবং বিভিন্ন বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।