করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে আরও ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে। এ সময় করোনায় আরও ৪২৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।
আজ দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে, কমেছে শনাক্তের হার। ১০ জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯৮ হাজার ৮৮২ জন। মারা গেছেন দুই হাজার ৬২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ৪২৭ জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত যশোর ও কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১০ জন করে মারা গেছেন। এ ছাড়া খুলনায় ৯, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহে একজন করে, চুয়াডাঙ্গায় তিন ও মেহেরপুরে চারজনের মৃত্যু হয়েছে।
এর আগে শুক্রবার বিভাগে ৩৬ জনের মৃত্যু হয়। আক্রান্ত শনাক্ত হন ৭৬১ জন।










