ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আমরা সেফ এক্সিট (নিরাপদ প্রস্থান) চাই না। স্বাভাবিক এক্সিট নিয়ে সুষ্ঠু নির্বাচন-পরবর্তী দেশেই থাকতে চাই। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
গতকাল রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হাজী শরীয়ত উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব সাদেক হোসেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন।
উপদেষ্টা বলেন, ‘নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারের শতভাগ প্রস্তুতি রয়েছে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে। ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের কাছে দায়িত্বভার হস্তান্তর করব। এতে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকবে।’
সমাবেশে পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন বলেন, ‘মনোবল বৃদ্ধির লক্ষ্যে সম্প্রীতির কোনো বিকল্প নেই। রাঙ্গামাটিতে ওলামা পরিষদের ঐক্য বিশেষভাবে প্রয়োজন। বিভেদ কমিয়ে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে একত্রে কাজ করতে হবে। রাঙ্গামাটি একটি বৈচিত্র্যময় সমাজ। ১৪টি জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত এ জেলার শ্রেণী বা জাতিগত বিভেদ যদি দূর না হয়, তাহলে এ বৈচিত্র্যই হানাহানিতে রূপ নিতে পারে।’










