নেত্রকোনার দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২৫) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চণ্ডীগড় ইউনিয়নের বড়ইউন্দ বাজারে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার বড়ইউন্দ গ্রামের মকবুল হোসেনের ছেলে।
এ সময় আহত হয়েছেন তার বাবা ও ভাই।
তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ নিহতের মরদেহ গতকাল ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার দুর্গাপুরের বড়ইউন্দ বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ওষুধের দোকানে চেয়ারে বসা নিয়ে ময়মনসিংহের আনন্দমোহন কলেজের মাস্টার্সের শিক্ষার্থী আনোয়ার হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের মরম আলীর ছেলে সোহেল মিয়ার কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে আনোয়ার হোসেনের ওপর সোহেল মিয়া ও তার লোকজন হামলা চালায়।
এ সময় ছুরিকাঘাতে আনোয়ার হোসেন মাটিতে লুটিয়ে পড়েন।
আনোয়ার হোসেনের ওপর হামলার কথা শুনে বাজারে থাকা তার বাবা মকবুল হোসেন (৫৫) ও ভাই মনির হোসেন (২২) ঘটনার প্রতিবাদ করতে গেলে তাদের ওপরও হামলা চালায় সোহেল ও তার সঙ্গীরা।
বাজারে থাকা লোকজন গুরুতর আহত তিনজনকেই দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।










