পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় বিজিবি প্রাথমিকভাবে মর্টার শেলটি একই স্থানে নিরাপত্তা বেষ্টনীতে রেখে থানা পুলিশকে খবর দেয়া হয়। গতকাল সকালে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাগলি ডাঙ্গি এলাকায় পাথর ভাঙা পয়েন্টে শ্রমিকরা মর্টার শেলটি দেখতে পান। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম।
তিনি বলেন, ‘মর্টার শেলটি দেখতে পেয়ে স্থানীয়রা সীমান্তের বাংলাবান্ধা বিওপিতে খবর দিলে বিজিবি সদস্যরা নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখে। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়।’
বাংলাবান্ধা বিওপির ক্যাম্প কমান্ডার আব্দুর রহমান জানান, ধারণা করা হচ্ছে এটি ১০ বছর বা তার আগের হবে। মরিচা ধরার কারণে তৈরির সঠিক তারিখ বা তথ্য জানা যায়নি। তবে আমদানি করা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মর্টার শেলটি আসতে পারে। এমনও হতে পারে ভারত বা ভুটানের সেনাবাহিনীর সদস্যরা প্রশিক্ষণের সময় পাহাড় কিংবা প্রশিক্ষণ এলাকায় বিস্ফোরকগুলো ব্যবহার করেছে। সে সময় হয়তো মর্টার শেলটি বিস্ফোরণ না হয়ে পাহাড় কিংবা পানিতে পড়ে যায়। অনেক বিস্ফোরক আছে যেগুলো প্রশিক্ষণের সময় বিস্ফোরণ হয়, আবার কিছু হয় না। মর্টার শেলটি প্রশিক্ষণের একটি অংশ ছিল।
তেঁতুলিয়া মডেল থানার এসআই আব্দুল মালেক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট তৈরি করে বিষয়টি আদালতকে জানানো হবে। আদালতের পরবর্তী নির্দেশে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হবে। প্রক্রিয়া পর্যন্ত মর্টার শেলটি ওই পাথর সাইডে নিরাপত্তা বেষ্টনীতে রাখা হবে। দ্রুত এটি নিষ্ক্রিয় করা হবে।’










