ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রনয় ভার্মা বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শিল্পকলা একটি শক্তিশালী মাধ্যম যা আমাদের দুদেশের মানুষকে একত্রিত করে। এটি আমাদের মধ্যকার সম্পর্ককে মূর্ত করে তোলে। ইতিহাস, ভূগোল, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের অংশীদার হওয়ার পাশাপাশি শিল্পকলা সবসময়ই আমাদের মধ্যে একটি মৌলিক সেতুবন্ধন হিসেবে কাজ করেছে।
গতকাল শুক্রবার রাজধানীর উত্তরায় গ্যালারি কায়ায় 'ক্রসরোড… নট অ্যা প্রজেক্ট’ শীর্ষক শিল্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাইকমিশনার বলেন, শিল্প ও শিল্পীদের আদান-প্রদান আমাদের সংস্কৃতি ও সম্পর্কের একটি অত্যন্ত গভীর অংশ। তারা একে অপরকে অনুপ্রাণিত, প্রভাবিত এবং শ্রেষ্ঠ শিল্প তৈরীতে সহযোগিতা করেছেন। আমি শিল্পকলার ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের মধ্যে আরো বেশি বেশি আদান-প্রদানের প্রত্যাশা করি এবং আমরা যেকোনোভাবে এটি সহজতর, সক্ষম এবং উৎসাহিত করতে পারলে অত্যন্ত খুশি হব।
ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) স্কলারসহ ১১ জন সমসাময়িক বাংলাদেশী শিল্পীর শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনী আয়োজিত হয়েছে। এতে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি থেকে শুরু করে দৈনন্দিন জীবন ও প্রকৃতির মর্মস্পর্শী চিত্রায়নসহ বিভিন্ন বিষয়বস্তু স্থান পেয়েছে।










