সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের গতকালের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবে। যাত্রীদের চাহিদা বিবেচনায় ১৬ অক্টোবর থেকে ঢাকা–জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

ফ্লাইটের পরবর্তী সিদ্ধান্ত ও সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এদিকে সৌদি আরবের বিমানবন্দরগুলোয় পরিচালনগত বিধিনিষেধের কারণে গতকাল পর্যন্ত ঢাকা থেকে সরাসরি সৌদি আরবগামী এবং বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে যাতায়াতকারী মোট ১৪৬টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৬৯টি ও ট্রানজিট ফ্লাইট ৭৭টি। এসব ফ্লাইটের কারণে এখন পর্যন্ত ভোগান্তিতে পড়েছে ২২ হাজার ২৩১ যাত্রী।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০, সৌদিয়া এয়ারলাইনসের ১৯ ও রিয়াদ এয়ারলাইনসের ১১টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের সাত, ইজিপ্টএয়ারের এক, এমিরেটসের ১৪, কাতার এয়ারওয়েজের নয়, ফ্লাইদুবাইয়ের আট ও এয়ার ইন্ডিয়ার আটটি ফ্লাইট রয়েছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোয় বিধিনিষেধের কারণে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটায় যাত্রীদের ভ্রমণসূচি পরিবর্তন করতে হচ্ছে। এতে সৌদি আরবগামী যাত্রীদের পাশাপাশি বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে যাতায়াতকারীরাও ভোগান্তিতে পড়েছে।