টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন আর নেই। গতকাল দুপুরে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

গত ২০ অক্টোবর (বুধবার) সকালে একাব্বর হোসেন অসুস্থ হলে প্রথমে ধানমন্ডি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ২১ অক্টোবর রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় কাল তিনি মারা যান। আজ বাদ জোহর মির্জাপুর হাই স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে একাব্বর হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বর্তমান জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

একাব্বর হোসেন ১৯৫৬ সালের ১২ জুলাই মির্জাপুর উপজেলার পোষ্টকামুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ ওয়াজউদ্দিন এবং মাতার নাম রেজিয়া বেগম।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা শোক প্রকাশ করেছেন।