টানা ভারি বৃষ্টিপাতে ফেনী শহরের প্রধান প্রধান সড়কসহ বহু এলাকা তলিয়ে গেছে। শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি জমে রয়েছে। এতে করে বন্ধ হয়ে গেছে যান চলাচল, বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

গতকাল সোমবার বিকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত আজ মঙ্গলবার (৯ জুলাই) বিকাল পর্যন্ত থামেনি। এতে শহরের বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা দেখা দেয়। বিশেষ করে শহরের দ্বিতীয় প্রধান সড়ক শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের শহর পুলিশ ফাঁড়ি, ফায়ার সার্ভিস স্টেশন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ও জেড ইউ মডেল হাসপাতাল সংলগ্ন এলাকায় কোমর পর্যন্ত পানি জমে আছে।

FB_IMG_1751957627493

সকালে ফেনী শহর ঘুরে দেখা গেছে, সড়কের দুই পাশের দোকানপাটে পানি ঢুকে জিনিসপত্র নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আবার অনার্স ও মাস্টার্সের চলমান পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের অনেককেই কোমর পানি মাড়িয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে।

FB_IMG_1751964302256

শুধু শহরেই নয়, ফেনীর গ্রামাঞ্চল ও বিভিন্ন অলিগলিতেও পানি জমে আছে। শাহিন একাডেমি সড়ক, জহুর হোসেন চৌধুরী সড়ক, পুলিশ কোয়ার্টারের ওয়ায়েজ উদ্দিন সড়ক, শান্তি কোম্পানি আবাসিক এলাকা, ডা. হায়দার হাসপাতাল সড়ক, পেট্রোবাংলা এলাকা, আরামবাগসহ বহু এলাকায় বাসিন্দারা ঘর থেকে বের হতে পারছেন না। মানুষের চলাফেরা ও স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে।

ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন বলেন, শহরে এখনো পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা তৈরি হয়নি। অপরিকল্পিত ভবন নির্মাণ ও বর্জ্য ব্যবস্থাপনা দুর্বল হওয়ায় পানি দ্রুত নামছে না। তবে বৃষ্টি কমলে পানি নেমে যাবে।

ফেনীর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, সোমবার বিকাল ২টা থেকে মঙ্গলবার বিকাল ২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে ফেনীর সর্বোচ্চ বৃষ্টিপাত। তবে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কিছুটা কমার পূর্বাভাস রয়েছে।