শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুর মা রহিমা ওয়াদুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ শনিবার (৬ মে) বেলা ১২টার দিকে ঢাকার কলাবাগানের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রহিমা ওয়াদুদ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।

তিনি পেশায় শিক্ষক ছিলেন। রহিমা ওয়াদুদ চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও একসময় শিক্ষকতা করেছেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষাসৈনিক মরহুম এম এ ওয়াদুদের স্ত্রী রহিমা ওয়াদুদ।

শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু জানান, মরহুমা রহিমা ওয়াদুদের নামাজে জানাজা আগামীকাল রোববার বাদ আসর রাজধানীর কলাবাগান মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।