বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কাজী ইকবাল বলেছেন, প্রয়াত এম সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের সেরা অর্থমন্ত্রী। আমরা ৯০ দশকের যে সংস্কারগুলোর কথা জানি তার সব কটিই উনার হাত ধরে হয়েছে। এ সংস্কারগুলো আমাদের দেশের অর্থনীতির জন্য টার্নিং পয়েন্ট ছিল।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) যৌথ আয়োজনে ‘গুণীজন সংবর্ধনা ২০২৪’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য তিনি এ কথা বলেন।

কাজী ইকবাল বলেন, প্রয়াত সাইফুর রহমান ছিলেন বিআইডিএসের খুবই ভালো একজন বন্ধু। আমার ক‍্যারিয়ার শুরু ২০০০ সালেরও পরে। উনার সম্পর্কে জানার জন্য আমার অগ্রজদের সঙ্গে আলাপ করেছি। সবাই এক বাক্যে বলেছিলেন অন্য যেকোনো মন্ত্রীর চেয়ে সাইফুর রহমানের সঙ্গে বিআইডিএসের সম্পর্ক ছিল অনেক গভীর। সেটার একটা বড় কারণ ছিল উনি গবেষণা পছন্দ করতেন। সে জায়গা থেকেই এ সম্পর্ক।

তিনি বলেন, আমরা যদি ইতিহাসের কয়েকটি বড় ডট মেলাতে চাই, যেগুলো দিয়ে দেশের অর্থনীতির গতি-প্রকৃতি বিশ্লেষণ করতে পারি। সে রকম একটি ডটের সঙ্গে সাইফুর রহমান জড়িত ছিলেন।