দেশে ছেলে
ও মেয়ের অনুপাত প্রায় সমান হলেও ক্যাডেট কলেজে মেয়েদের পড়ার সুযোগ কম বলে জানিয়েছেন
সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান,
আসন স্বল্পতার কারণে মেধাবী মেয়েরা ক্যাডেট কলেজে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার
জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।
স্বতন্ত্র সংসদ
সদস্য এ কে আজাদের প্রশ্নের লিখিত জবাবে আনিসুল হক জানান, দেশে ১২টি ক্যাডেট কলেজের
মধ্যে ৩টি মহিলা ক্যাডেট কলেজ আছে। দেশের মোট জনসংখ্যায় ছেলে ও মেয়ের অনুপাত প্রায়
সমান হলেও ক্যাডেট কলেজে মেয়েদের পড়ার সুযোগ কম। প্রতি বছর ৭ম শ্রেণিতে ভর্তি পরীক্ষায়
তুলনামূলক অধিক ভালো ফলাফল অর্জন করা সত্ত্বেও শুধু আসন স্বল্পতার জন্য অনেক মেধাবী
মেয়েরা ক্যাডেট কলেজে পড়ার সুযোগ হতে বঞ্চিত হচ্ছে। এছাড়া গার্লস ক্যাডেট কলেজগুলোর
ভৌগলিক অবস্থান অনুযায়ী দেশের দক্ষিণ অঞ্চলে কোনো গার্লস ক্যাডেট কলেজ নেই।
একই প্রশ্নের
জবাবে মন্ত্রী জানান, ৯ম জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
হাওর অঞ্চলে একটিসহ দেশের পুরাতন ২০টি জেলার যেখানে ক্যাডেট কলেজ নেই, সেসব জেলায় একটি
করে ক্যাডেট কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল। ওই ২০টি জেলার মধ্যে ফরিদপুর জেলায় একটি
গার্লস ক্যাডেট কলেজ স্থাপনের প্রস্তাবনা উত্থাপিত হয়েছিল। পরে আর্থিক সংশ্লেষের কারণে
তা স্থাপন করা সম্ভব হয়নি।










