ঠাকুরগাঁওয়ে অগ্রণী ই-কমার্স লিমিটেড ও অগ্রণী এজেন্ট লিমিটেডের বিরুদ্ধে দরিদ্র ২০ পরিবারকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের কর্ণধার ওমর আলীর বিরুদ্ধে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা সবাই সদর উপজেলার শিবগঞ্জ এলাকার বাকুন্দা গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মাজেদুর রহমান মাজেদ দাবি করেন, প্রতিষ্ঠান দু’টি ঋণের বিনিময়ে
ব্যাংকের সই করা ফাঁকা চেক ও স্ট্যাম্প জমা রাখত।
কিছুদিন পরই ওমর আলী ঋণের কয়েক গুণ বাড়িয়ে টাকা দাবি করতেন। সেই টাকা না পেলে ভুয়া মামলা দায়ের করতেন। অনেকে ওমর আলীর প্রতিষ্ঠান থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়ে ১০ লাখ টাকার মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আবার কেউ ৫ হাজার টাকা নিয়ে ১৫ লাখ টাকার আসামিও হয়েছেন। ওমর আলীসহ তার ভুয়া প্রতিষ্ঠানকে দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত ওমর আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পুরো বিষয়টি এড়িয়ে যান।










