জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ করেছে ময়মনসিংহের বিভিন্ন সাংবাদিক সংগঠন। শনিবার (১৭ জুন) ময়মনসিংহ প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও বিভিন্ন উপজেলায় প্রেসক্লাবগুলোতে নাদিম হত্যাকাণ্ডের বিচার দাবিতে কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। এ সময় সাংবাদিক নাদিম হত্যা মামলাটি বিশেষ আদালতে পাঠিয়ে দ্রুত সময়ে বিচার নিষ্পত্তির দাবি জানান তারা।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। সাংবাদিক সাগর-রুনির বিচার আজও হয়নি। বার বার এই মামলার অভিযোগ গঠনের শুনানির সময় বৃদ্ধি করা হচ্ছে। এই অবস্থায় দেশের সাংবাদিক সমাজ গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের বিচার নিয়ে কোনো ধরনের কালক্ষেপণ চায় না। অবিলম্বে বিশেষ আদালতে সাংবাদিক নাদিম হত্যার বিচার দ্রুত নিষ্পত্তির দাবি করছি। অন্যথায় সাংবাদিক সমাজ দাবি আদায়ে আবারও রাজপথে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। 

ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ১০টি সংগঠনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সংগঠনগুলো হলো— ময়মনসিংহ প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোর্টার্স ইউনিটি, নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি, সাংবাদিক ক্রীড়া চক্র, ক্যামেরাপারসন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আলোকচিত্র শিল্পী সংসদ।

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচিটি সঞ্চালনা করেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়। 

এতে বক্তব্য রাখেন ময়মনসিংহ সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোশারফ হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল হোসেন, এম এ মোতালেব, শেখ মহিউদ্দিন, সিটি প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলী, ময়মনসিংহ রিপোর্টাস ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জ্বল, সাংবাদিক আ ন ম ফারুক, হোসাইন শাহীদসহ আরো অনেকে।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, এরই মধ্যে নাদিম হত্যার মূলহোতা ও নির্দেশদাতা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আরো বেশ কয়েকজনকে আটক দেখানো হয়েছে।

এদিকে এ ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ময়মনসিংহের নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, ত্রিশাল ও ভালুকা প্রেসক্লাব। এসব কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করে নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি দাবি করেন।

প্রসঙ্গত, গত ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী  সন্ত্রাসীরা নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নাদিম।