প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের পর থেকে সরকার পরিবর্তিত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। যেসব ঘটনা ঘটছে, সেগুলোতে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে। নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিকল্প নেই। যেকোনো মূল্যে পরিস্থিতির উত্তরণ ঘটানো হবে। কাউকে ছাড় দেয়া হবে না। পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নয়ন ঘটবে।’
গতকাল সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সঙ্গে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। চারজনকে গ্রেফতার করেছে। এ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কয়েকদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। সেখানে তিনি নির্দেশ দিয়েছেন, এখন থেকে কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই।’
উপ-প্রেস সচিব আরো বলেন, ‘নির্বাচনের সংবাদ সংগ্রহকালে বিগত সময়ে সাংবাদিকরা যে ধরনের সমস্যায় পড়তেন, এবার সে সমস্যায় আর পড়তে হবে না। বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে যত মামলা ছিল, সেগুলো বাতিল করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইনে, হ্যাকিং ছাড়া সবগুলো ধারা জামিনযোগ্য করা হয়েছে।’
সভায় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তারসহ কর্মকর্তা, সুশীল ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










