নির্বাচনী প্রচারে আজ বরিশাল আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার আগমন উপলক্ষে নগরজুড়ে চলছে সাজ সাজ রব। বঙ্গবন্ধু কন্যার জনসভা সফল করতে মাঠে তৎপর নেতাকর্মীরা। এ অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে স্থানীয়দের দাবি অনেক। বিশেষ করে আলোচনায় আসছে বরিশালে গ্যাস সরবরাহের বিষয়টি।
২০১৮ সালে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আমি বরিশালবাসীর জন্য আজ উপহার নিয়ে এসেছি। উপহারগুলো হলো ভোলায় পাওয়া গ্যাস পাইপলাইনের মাধ্যমে বরিশালে সরবরাহ ও ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা, বরিশালসহ অন্যান্য বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ভোলার সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ স্থাপন ও সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ।’ এছাড়া আরো নানা উন্নয়নকাজের প্রতিশ্রুতি দেন সরকারপ্রধান। বড় অঙ্গীকারগুলোর মধ্যে শুধু ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। এখন বাকি প্রতিশ্রুতির বাস্তবায়ন চান নগরবাসী।
৫ বছর ১০ মাস পর আজ বিকালে একই স্থানে বিভাগের নির্বাচনী জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। আজকের সমাবেশে এর আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে গ্যাস সরবরাহ, মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ভোলার সঙ্গে সরাসরি সড়ক যোগযোগ স্থাপনের মতো বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রত্যাশা রয়েছে।
এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, ‘এটি নির্বাচনী জনসভা। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রধানমন্ত্রী কোনো প্রতিশ্রুতি দিতে পারেন না। তার পরও তিনি আসবেন, জনগণের অনেক আবদার থাকবে। আচরণবিধি মেনে সেগুলো তাকে অবহিত করা হবে।’










