মেহেরপুর কারাবন্দি জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহাম্মদের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন তোফায়েল।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ বলেন, চেক ডিজঅনার মামলায় আড়াই মাস আগে তোফায়েল আহম্মেদ আদালতে হাজিরা দিলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। গতকাল রবিবার সন্ধ্যায় কারাগারে থাকা অবস্থায় সে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
অরুণ অভিযোগ করেন, কারা কতৃপক্ষ দ্রুত তাকে হাসপাতালে নেয়নি। অবস্থা খারাপ হওয়ার পর হাসপাতালে নেওয়া হয়। তোফায়েলের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করেন তিনি।
তবে জেল সুপার মোখলেছুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, কারাগারে তার প্রতি কোন অবহেলা হয়নি। অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তোফায়েল বিএনপি নেতা কিনা সে বিষয়ে কিছুই জানা ছিল না।
এ দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাবুবুল হাসান মেহেদি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।










